গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী  নির্বাচনে জয়ী হতে পারলে দেশে আর কোন হতদরিদ্র থাকবে না।  দেশ আরো উন্নত দেশের দিকে এগিয়ে যাবে।  নির্বাচন নিয়ে  আন্তর্জাতিক পর্যায়ে কেউ নাক গলাতে আসলে তা বাংলাদেশের মানুষ মেনে নেবে না জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা যারা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে। 

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া উপজেলা চেয়ারনম্যান বিমল বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র মতিয়ার রহমান হাজারা, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

নতুন ভোটারের ভোট নৌকায় দেওয়ার আহবান জানিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি। আমরা সেই তারুণ্যকেই স্মার্ট তরুণ সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। দক্ষ জনশক্তি হিসেবে গড়তে চাই। কারণ আমাদের লক্ষ্য আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। শিক্ষা-দীক্ষায় এ দেশের জনগণ যেন প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারে। আর আজকের তরুণরাই হবে ২০৪১ সালের সৈনিক। তারাই চালাবে এই দেশ। সেভাবেই নিজেদের তৈরি করে তুলতে হবে। ২০৪১ সালের মধ্যে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলবো। যারা এবার প্রথমবারের মতো ভোটার হয়েছে তাদের আমি অনুরোধ করবো, নৌকা মার্কায় ভোট দিতে। বাংলাদেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে। এটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে । পরিবার কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে । ভিজিডি,ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্য বান্ধব কর্মসূচী অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণির মানুষের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। দারিদ্রতা কমিয়ে আনা হয়েছে। আগামীতে আর বাংলাদেশ হত দরিদ্র থাকবে না।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)