গোপালগঞ্জে সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার উপর ৯৬ ঘণ্টার নিষেধাজ্ঞা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের ৩টি নির্বাচনী এলাকায় ৯৬ ঘণ্টার জন্য সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম এ ব্যাপারে গত ২ জানুয়ারী এক গণ বিজ্ঞপ্তি জারি করেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ দফা (১) অনুসারে তিনি এ গণ বিজ্ঞপ্তি জারি করেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গোপালগঞ্জ জেলার ৩ টি নির্বাচনী এলাকায় (২১৫ গোপালগঞ্জ-১), (২১৬ গোপালগঞ্জ-২) এবং (২১৭ গোপালগঞ্জ-৩) ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৫ জানুয়ারী সকাল ৮ টা হতে ৯ জানুয়ারী বিকাল ৪ টা ঘটিকা পর্যন্ত নির্বাচনী এলাকায় যেকোনো ধরণের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।
৩টি নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে পারবেন না। কোন কোনো ব্যক্তি কোনো মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা তাতে যোগদান করতে পারবে না বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
(টিবি/এসপি/জানুয়ারি ০৪, ২০২৪)
