গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-১ আসনে জনসভা করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার ইটের আঘাতে আহত হয়েছেন । ঘটনাস্থল থেকে সাবেক  ছাত্রলীগ নেতা আজিজুর রহমান উজ্জ্বলকে আটক করেছে পুলিশ।



বৃহস্পতিবার (৪ জানুয়ারি)বিকেলে মুকসুদপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে একই সময়ে স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া ও আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ ফারুক খান নির্বাচনী জনসভা করার ঘোষনা দেন । পরে গতকাল মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন।

পরবর্তিতে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মো. কাবির মিয়া মুকসুদপুর সরকারি কলেজ মাঠে আজ বৃহস্পতিবার নির্বাচনী জনসভা করার জন্য রিটার্ণিং অফিসের অনুমতি নেন। মুকসুদপুর উপজেলা ছাত্রলীগ একই স্থানে একই সময়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার কর্মসূচী ঘোষণা করে।

এনিয়ে সকাল থেকে দু’ প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর থানার ওসি মোঃ আশরাফুল আলম বলেন, এখানে পুলিশের ৩/৪টি টিম কাজ করছে। (সন্ধ্যা ৭ টা ১০ মিনিট) কারা ওই সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে তা আমি এখনো জানতে পারিনি। তবে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

(এমএস/এএস/জানুয়ারি ০৪, ২০২৪)