গোপালগঞ্জ প্রতিনিধি : পারিবারিক কলহ চলছিল আসমা বেগমের সংসারে। আর এই কলহই কাল হলো আসমা বেগমের ৭ মাস বয়সের শিশু পুত্রের জন্য। পেট্রোল ঢেলে আগুন দিয়ে শিশু পুত্রকে হত্যার অভিযোগ উঠেছে।  ওই আগুনে দগ্ধ হয়ে গোপালগঞ্জ আড়াই শ” বেড জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন আসমা বেগম।

ঘুমন্ত আসমা বেগম ও তার সাত মাসের শিশুপুত্রের উপর পেট্রোল ঢেলে আগুন দিয়ে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তার দেবর হোসাইন মোল্লা।

শনিবার (৬ জানুয়ারী) দিবাগত রাত সারে ৮ টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধ আসমা বেগম কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামের মো: মোরাদ মোল্লার স্ত্রী ও আব্দুর রহিম তার ছেলে।

অগ্নিদগ্ধ আসমা বেগমের স্বামী মো: মোরাদ মোল্লা বলেন, আমার আপন ভাই হোসাইন মোল্লা আমার স্ত্রী আসমা বেগম ও ৭ মাস বয়সের শিশু সন্তান আব্দুর রহিমকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আমার শিশুপুত্র অগ্নি দগ্ধ হয়ে মারা যায় । স্ত্রী আসমা গুরুতর অগ্নিদগ্ধ হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

(এমএস/এএস/জানুয়ারি ০৭, ২০২৪)