মানুষের কল্যাণে প্রকল্প গ্রহনের নির্দেশ প্রধানমন্ত্রীর
গোপালগঞ্জ প্রতিনিধি : মানুষের কল্যাণে প্রকল্প গ্রহন করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প ফলপ্রসু ও মানুষের উপকারে আসে কিনা তা বিবেচনা করতে হবে। তিনি বলেন, যে কোনো প্রকল্প যখন আপনারা গ্রহণ করবেন তখন মাথায় রাখবেন এ প্রকল্প বাস্তবায়ন হলে ফলাফল কি আসবে। সেখান থেকে মানুষ কতটুকু লাভবান হবে বা দেশ কতটুকু লাভবান হবে।
রবিবার (১৪ জানুয়ারি ) দুপুরে টুঙ্গিপাড়ার নিজ বাস ভবনের গোপালগঞ্জ জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ সরকারের উন্নয়নের সমালোচনা করেই যাচ্ছে। তবে সরকার তাদের কথায় কর্ণপাত না করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে। তিনি আরও বলেন, আত্মবিশ্বাস ও আত্মমযাদা বোধ নিয়ে কাজ করে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি ১৫ বছরে বাংলাদেশের এত উন্নয়ন হবে। উন্নয়ন দেখে অনেকের মধ্যে পরশ্রীকাতরতা আছে। তবে সেদিকে খেয়াল না করে দেশ ও মানুষের উন্নয়নের কাজ করে যেতে হবে।
এ সময় শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি , প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকার, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, পুলিশ সুপার আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জিল্লুর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল আহসান, এলজিউডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হক , সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজাহারুল ইসলাম সহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন ।
(এমএস/এএস/জানুয়ারি ১৪, ২০২৪)
