জাতির পিতার সমাধিতে বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন এমপির শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা ১১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ওয়াকিল উদ্দিন।
তিনি বুধবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে মুক্তির এ মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য।
পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এছাড়া তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন।
ঢাকা ১১ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
(এমএস/এএস/জানুয়ারি ২৪, ২০২৪)
