নড়াইল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরের পর নড়াইলে বিজয়োল্লাসে নামে সাধারণ মানুষ।

সোমবার ( ৫ আগষ্ট) বিকেলে শহরের চৌরাস্তায় বিজয়োৎসবের পর তারা মহিষখোলায় অবস্থিত জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। কিছু সময় পর বাড়িতে আগুন দেওয়া হয়।

মাশরাফির বাড়ির পশ্চিম পাশে অবস্থিত নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের বাড়িতে একই তাণ্ডব চলে। পরে শহরের টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করা হয়।

এদিকে বিকেল সাড়ে চারটার দিকে শহরের কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খানের বাড়িতে আগুন দেওয়া হয়। এতে দুটি প্রাইভেট কার পুড়ে যায়। এ ছাড়া জেলার লোহাগড়া উপজেলা শহরে পৌর আওয়ামী লীগের কার্যালয়, জয়পুরস্হ আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের বাড়ি, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিহানুকের বাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

এছাড়াও জেলার অন্যান্য স্থানে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

(আরএম/এএস/আগস্ট ০৬, ২০২৪)