বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গ্রেনেড হামলা দিবস পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সহসভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম ও আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও কোটালীপাড়ায় আলোচনা সভার মধ্য দিয়ে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করেছে আওয়ামী লীগ ।
(এমএস/এএস/আগস্ট ২১, ২০২৪)
