তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সেনা সদস্যদের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় গোপালগঞ্জে মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ১০ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্ণেল মো. মাকসুদুল আলম বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন।

এ মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩ হাজার ২'শ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বলা হয়েছে,আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধান মন্ত্রীকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে কত ১০ আগস্ট বিকেল ৫ টায় ঢাকা-খুলান মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি, ফুকরা, গোপালগঞ্জ সদর উপজেলার দালালাবাদ ও গোপীনাথপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ করে। এতে সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পরে।

খবর পেয়ে গোপালগঞ্জে কর্তব্যরত সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে বিক্ষোভকারিদে সাথে কথা বলে মহাসড়ক ছেড়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে বলে। এতে আন্দোলনকারিরা সেনা সদস্যদের সাথে বাক বিতন্ডায় জড়ায়। এসময় সেনা বাহিনী সদস্যদের উপর হামলা করে।

এতে সেনাবাহিনীর চার কর্মকর্তাসহ ৯ জন আহত হয়। এছাড়া সেনাবাহিনীর দুইটি অস্ত্র (রাইফেল), ছয়টি ম্যাগজিন ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় দুইটি গাড়ি ভাঙচুর করে।
ওই দিন বিকেল একটি অস্ত্র ও পরের দিন অপর অস্ত্রসহ তিনটি ম্যগজিন উদ্ধার করে সেনাবাহিনী।

এ ঘটনায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমসহ আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থক ১০৬ জনের নাম নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩ হাজার ২'শ জনকে অজ্ঞাত আসামী করে আজ সকালে ১০ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্ণেল মো. মাকসুদুল আলম বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান বলেন, সেনা সদস্যদের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন আসামী গ্রেপ্তার হয়নি বলে জানান ওই কর্মকর্তা।

(টিবি/এসপি/আগস্ট ২২, ২০২৪)