গোপালগঞ্জে নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের ২ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার টাকা বিতরণ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার এলজিইডি’র আরইআরএমপি-৩ প্রকল্পের ২১০ নারী কর্মীর মাঝে সঞ্চয়কৃত ২ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ৯২০ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস. এম. জাহিদুল ইসলামে সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন।
অনুষ্ঠানে ২১০ জন নারী কর্মীর প্রত্যেকের হাতে ১ লক্ষ ১৯ হাজার ৭ শ’ ৭৫ টাকা করে মোট ২ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ৯২০ টাকার চেক ও সনদপত্র তুলে দেন অতিথিরা। অর্থিক চেক ও সনদ প্রাপ্ত উপকারভোগীরা গোপালগঞ্জ সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(টিবি/এসপি/আগস্ট ২৭, ২০২৪)
