গোপালগঞ্জে সেনা বাহিনীর মামলায় ৪ আসামি গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় করা মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। সোমবার (২৬ আগস্ট) রাতে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোপীনাথপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরীফ আমিনুল হক লাচ্চু, গোপীনাথপুর গ্রামে রফিকুল কাজী, গুলিশ শরীফ এবং কাশিয়ানী উপজেলার ফলশী গ্রামের মোস্তাক মোল্লা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সৈয়দ ফজলুর রহমান।
ওই কর্মকর্তা জানান, সোমবার (২৬ আগস্ট) রাতে গোপালগঞ্জ শহরের শিক্ষক পল্লী থেকে সাবেক চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু এবং বাকিদের নিজ নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এ আবেদনের শুনানী আগামী ধায্য তারিখে আদালতে অনুষ্ঠিত হবে বলে জানতে পেরেছি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্টান্ড এলাকায় কাশিয়ানী উপজেলার নিজামকান্দি, ফুকরা, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর, সুকতাইল ও চন্দ্রদীঘলিয়া ইউনয়েনের কয়েক হাজার আওযামী লীগ নেতাকর্মী সশস্ত্র বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক ছেড়ে শান্তিপূর্ণ কর্মসূচি করতে অনুরোধ জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারপিট, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র,ম্যাগজিন ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে সেনা বাহিনী অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
এ ঘটনায় গত ২২ আগস্ট গোপালগঞ্জ জেলা আওয়া লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম সহ ১০৬ জনের নাম উল্লেখ ও ৩ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করে সেনাবাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম এ মামলার বাদী হয়েছেন।
(এমএস/এএস/আগস্ট ২৭, ২০২৪)
