নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : নিখোঁজের ৪ দিন পর গোপালগঞ্জের মুকসুদপুরের একটি পুকুর থেকে শরীরে ইট বাঁধা অবস্থায় খুরশিদা আক্তার (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকালে মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামে বাড়ীর পাশের পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত খুরশিদা আক্তার মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তফা কামাল জানান, গত ২১ সেপ্টেম্বর নিখোঁজ হন খুরশিদা আক্তার। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।আজ মঙ্গলবার বিকালে বাড়ীর পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে পায় এলাকাবাসী। লাশের শরীরে ইট বাধা ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৪)
