তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালে বানা (বাঁশ ও জাল দিয়ে তৈরী) দিয়ে পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষ করায় বানা কেটে দিয়েছেন উপজেলা প্রশাসন। 

আজ রবিবার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা খালের বানা কেটে দেয় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা খালে বানা দিয়ে দীর্ঘদিন ধরে খালসহ লাটেঙ্গা বিলে মাছ চাষ করে আসছিল এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বানাটি কেটে দিয়ে খালের প্রবাহ ফিরিয়ে আনেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা খালের বানা দিয়ে মাছ চাষ করা হচ্ছিল। আমাদের চলমান কাজের অংশ হিসেবে আজ আমরা বানাটি সম্পূর্ণরুপে কেটে দিয়েছি। এখানে প্রায় ১ শ’ ২০ বিঘার মতো আমাদের সরকারি জমি রয়েছে। এই জমি থেকে এলাকাবাসী মাছ ধরে খাবে বা বিক্রি করবে। এই মাছ ধরতে যদি কেউ বাঁধা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, উপজেলার কোন খালে যদি কেউ বাঁধ বা বানা দিয়ে পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষ করে, তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)