টুঙ্গিপাড়ায় শ্রমিকদল নেতার মামলায় আ.লীগ নেতা কারাগারে
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, খাবার নষ্ট ও মারধরের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর গাউস শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার গাউস শেখ (৫৫) টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) খোরশেদ আলম বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, খাবার নষ্ট ও মারধর অভিযোগের মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে, গত ১৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও এসএম জিলানীর ভাতিজা জুলকার শেখ বাদী হয়ে ২৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরো ৪০-৫০ জনকে।
মামলার বিবরণীতে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে অতিথিদের সাথে খাওয়া-দাওয়ার কর্মসূচি ছিল। বিকাল ৪ টায় তার গাড়ি বহর গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। পরে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা ফিরে যান।
মামলায় আরো উল্লেখ করা হয়, ওই ঘটনার জের ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসএম জিলানীর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করে। এছাড়া মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্ট করে দেয়। পরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম সহ বাড়িতে থাকা অনেককে এলোপাতাড়ি মারধর করে জখম করে আওয়ামী লীগের নেতা কর্মীরা।
(টিবি/এসপি/অক্টোবর ০৩, ২০২৪)
