গোপালগঞ্জে বাস-মোটর সাইকেলের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে চালক শিবু সরকার (৪০) নিহত হয়েছেন। এসময় আরোহী স্বপন বিশ্বাস নামে সাবেক এক ইউ.পি মেম্বার আহত হয়েছেন। নিহতের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী গ্রামে। তার পিতার নাম অভিমান্যু সরকার।
বৃহস্পাতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিস-এর সিনিয়র স্টেশন অফিসার, শ.ম আরিফুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে আহত ও নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী অজ্ঞাত বাসটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শিবু সরকার নিহত হয়। অপর আরোহী আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(এমএস/এএস/অক্টোবর ১০, ২০২৪)
