গোপালগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিগ্রেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অবাধ, সুষ্ঠু ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী, কোটালীপাড়া ও সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সেনানিবাহিনীর ২১ পদাতিক বিগ্রেডের ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি সার্বজনীন দুর্গা মন্ডপ, গোপালগঞ্জ জেলা সদরের শ্রী শ্রী গনেশ পাগল সেবা আশ্রমের দুর্গা মন্দির, কোটালীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ীর দুর্গা মন্ডপ এবং কোটালীপাড়া শ্রী শ্রী গনেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমের দুর্গা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এছাড়াও তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের নির্দেশক্রমে, গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ১০ ইষ্ট বেংগল "ইন এইড টু সিভিল পাওয়ার" এর আওতায় গত ২১ জুলাই থেকে দায়িত্ব পালন করে আসছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এই ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আসন্ন শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করছে।এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গোপালগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জানমাল এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”। বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে তিনি সমাজের সকল স্তরের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কর্ণপাত করা থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করেছেন। সবাইকে চলমান দূর্গা পূজার অনুষ্ঠান নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দে উদযাপন করার জন্য ও তিনি অনুরোধ করেন।
এ সময় ১০ ইবি এর অধিনায়ক ও গোপালগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাকসুদুল আলম, পিএসসি,মেজর মোঃ আকিকুর রহমান রুশাদ ও কর্তব্যরত অন্যান্য সেনা কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/অক্টোবর ১০, ২০২৪)
