গোপালগঞ্জে ২ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সাত-সকালে ২ চেয়াম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
আজ বুধবার সকালে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিমের মধ্যে এলাকার অধিপত্য বিস্তারকে কেন্দ্র বিরোধ চলে আসছিলো। কাজী জাহাঙ্গীর আলম কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পূর্ব শত্রুতার জের ধরে আজ সকাল পৌনে ৮ টার দিকে দু’ চেয়ারম্যানের সমর্থকরা বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে ১ ঘন্টা পর কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দু’ পক্ষের বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে । আহত হয় উভয় পক্ষের অন্ততঃ ১৫ জন।
আহতদের মধ্যে কয়েক ৫ জনকে ফরিদপুর মেডিকেলে কলেজ হাসাপাতাল ও ১০ জনকে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.শফিউদ্দিন খান এলাকার অধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে জানিয়ে বলেন,পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে।
(টিবি/এসপি/অক্টোবর ১৬, ২০২৪)
