কোটালীপাড়ায় ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড।
আজ বৃহস্পতিবার উপজেলার কান্দি ইউনিয়নে লেবুবাড়ি মৌজার তরুর বাজার ও কাচারীভিটা বাজারে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সজিব কুমার সরকার, সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ, তহশিলদার জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, কান্দি ইউনিয়নের লেবুবাড়ি মৌজার তরুর বাজার ও কাচারীভিটা বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে প্রভাবশালীরা অবৈধ স্থাপনা গড়ে তুলে ছিলেন। পানি উন্নয়ন বোর্ড এই স্থাপনাগুলো উচ্ছেদ করায় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।
পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদ বলেন, এটি আমাদের একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে আমরা কোটালীপাড়ার অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো।
(টিবি/এসপি/অক্টোবর ১৭, ২০২৪)
