গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আলাদা ঘটনায় এক ট্রাক চালক সহ ২ জন নিহত হয়েছে। রবিবার সকালে ঢাকা-খুলনা মগাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া ও গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. রোমান মোল্যা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল।এসময় ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে গাছের সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ট্রাকের চালক মাহবুর মোল্যা মারা যান। নিহত মাহবুর মোল্যার বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়।

অপরদিকে, গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় মোবাইল ফোনের চার্জারে বিদ্যুতের লাইন দিতে গেলে বিদ্যুৎস্পর্শে মারাত্মক আহত হন রহমত শেখ(৩০)।

পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

(এমএস/এএস/ডিসেম্বর ১৫, ২০২৪)