থানা থেকে পালিয়ে গেল হত্যা মামলার আসামি
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি হৃদয় শেখ (২৫) নামের এক যুবক পালিয়েছে।
গতকাল বুধবার সকালে মুকসুদপুর থানায় এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যা মামলার পালাতক ওই আসামি মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের মৃত হেমায়েত শেখের ছেলে।
থানা থেকে আসামি পালানোর বিষয়টি বুধবার সন্ধ্যার পর জানাজানি হয়। এরপর মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা প্রকাশ করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারী ৫ ফেব্রুয়ারী থেকে ৭ মার্চ তারিখের কোন এক সময় আকাশ মাতুব্বরকে হত্যা করা হয়। এ ঘটনায় গত বছরের ৮ মার্চ দায়েরকৃত মামলায় হৃদয় শেখকে ২ নং আসামী করেন বাদী। মঙ্গলবার (৭ জানুয়ারী) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে হৃদয় শেখকে গ্রেপ্তার করে মুকসুদপুর থানা পুলিশ। পরে তাকে থানা হাজতে রাখা হয়। সেখান থেকে সে সকাল সাড়ে ৮ টার দিকে পালিয়েছে। হত্যাকাণ্ডের শিকার আকাশ মাতুব্বর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দামদরদি গ্রামের শাহা আলম মাতুব্বরের ছেলে।
নিহত আকাশ মাতুব্বরের বাবা ও মামলার বাদী শাহা আলম মাতুব্বর বলেন, আমার ছেলেকে হত্যা করে পুকুরে ফেলে রাখে। গত ৭ মার্চ মুকসুদপুর উপজেলার মাহারাজপুর ইউনিয়নের দুয়ারিডাঙ্গা গ্রামের একটি পুকুরের কচুরিপানার নীচ থেকে আমার ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয় এ হত্যা মামলার ২ নং আসামি। দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি । আমি গত রাতে হৃদয়ের খোঁজ নিয়ে পুলিশকে জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সকালে থানা থেকে কি করে আসামি পালয়। এটা পুলিশের দ্বায়িত্ব অবহেলা নয় কি ?
মামলার তদন্তকারী কর্মকর্তা শামিম আল মামুনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে গণমাধ্যমে কোন কথা বলবেন না বলে জানান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, মুকসুদপুর থানার আকাশ মাতুব্বর হত্যা মামলায় হৃদয় শেখকে গ্রেপ্তার করা হয়েছিলো। কিন্তু সকালে থানা থেকে সে পালিয়ে গেছে। তাকে গ্রেফতাকে পুলিশ অভিযান শুরু করেছে।
(টিবি/এসপি/জানুয়ারি ০৯, ২০২৫)
