ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা
বিকাশ স্বর্নকার, সোনাতলা : রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। গত সোমবার দিবাগত রাত ১২টা পর থেকে তারা কর্মবিরতিতে গেছেন বলে জানা গেছে রেলওয়ে সুত্রে।
সুত্র মতে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় "বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি"এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে।
রানিং স্টাফদের ধর্মঘটের প্রভাব পড়েছে সারাদেশের ন্যায় বগুড়ার সোনাতলা রেল স্টেশনে। এতে করে সোনাতলার সাথে সান্তাহার, লালমনিরহাট, রংপুর সহ বিভিন্ন স্টেশনের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
সোনাতলা রেলওয়ে স্টেশন সুত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে প্রায় ৩/৪'শ যাত্রী এ স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াত করে। এতে করে সকাল থেকেই যাত্রীরা স্টেশনে এসে তাদের গন্তব্যের ট্রেনের খবর নিয়ে জানতে পারছেন ট্রেন চলাচল বন্ধ।
জানা যায়, এ রুটে প্রতিদিন আপ/ডাউনে ৮টি আন্তঃনগর, ৪টি মেইল ট্রেন এবং ২টি লোকাল ট্রেন দিনরাত চলাচল করে।
যাত্রীরা জানান, সকালে কলেজ ট্রেনে বগুড়া যাবার উদ্দেশ্যে বের হয়ে স্টেশনে এসে জানতে পারি সকল ট্রেন বন্ধ এখন বাড়ি ফিরে যাচ্ছি।
এনামুল হক নামের এক যাত্রী জানায়, কলেজ ট্রেনে ১০টাকায় বগুড়া যাওয়া যায় তবে বাসে ৫০টাকা আর সিএনজিতে ৮০টাকা গুনতে হবে।
পদ্মরাগ ট্রেনের যাত্রী এরশাদুল ইসলাম জানান, আমি গাইবান্ধায় যাবার জন্য এসে জানলাম ট্রেন চলাচল বন্ধ। তিনি আক্ষেপ করে বলেন ২৫ টাকার ভাড়ায় যেতে পারতাম এখন ১৫০ টাকায় যেতে হবে।
স্টেশন সংলগ্ন বাসা সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল শেফা বলেন, হঠাৎ করে রেলের স্টাফদের কর্মবিরতির জন্য ভোগান্তিতে পড়েছেন এ এলাকার যাত্রীসাধারণ। যাত্রীদের বিষয়টি বিবেচনা করে ট্রেন চলাচল স্বাভাবিক রেখে কর্মবিরতি পালন করলে জনসাধারণ ভোগান্তি থেকে রেহাই পাবে এবং সাচ্ছন্দে তাদের গন্তব্যে পৌঁছাবে বলে মনে করেন তিনি।
(বিএস/এসপি/জানুয়ারি ২৮, ২০২৫)
