স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : ৫ ফেব্রুয়ারি বুধবার,  সন্ধ্যা ৭টায় পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে  নাটক ‘বেদিশা পিঁপড়া ও বহুপদী দৈত্য’।বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ আয়োজিত পক্ষকালব্যাপী প্রযোজনা ভিত্তিক নাটকটির প্রারম্ভিক দৃশ্য শুরু হয়, আন্দোলনে নিহত এক ব্যক্তির জানাযায় তাঁর ভাইয়ের বুকফাটা কান্নার মধ্যদিয়ে।

আন্দোলনে মৃতব্যক্তিদের রক্তদানকে পুঁজি করে ফায়দা লুটে একটি স্বার্থন্বেষী গোষ্ঠী। পক্ষকালব্যাপী প্রযোজনা ভিত্তিক নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন আশরাফুল ইসলাম সায়ান।

নাট্যনির্মাতা কাহিনী পরিকল্পনার একাংশে তুলে এনেছেন,শাসকগোষ্ঠী কর্তৃক পেশাজীবি ও কর্মজীবি মানুষরা যেভাবে শোষিত নিষ্পেষিত হয়, তার একটি খন্ডচিত্র।বৃটিশ পেরিয়ে পাকিস্তানী শাসকদের শাসন-শোষণ, নির্যাতন, নিপীড়নে জন্ম নেয় ৫২'র ভাষা আন্দোলন, ৭১'র মুক্তিযুদ্ধ।জাতি পায় স্বাধীন বাংলাদেশ। শোষিত জাতির রক্তদান, বারবার জীবন উৎসর্গের ঐতিহাসিক ঘটনার তীব্র প্রতিবাদ,প্রতিরোধের আবেদন মিশ্রিত অভিনয় প্লটের কলা-কুশলী ও নেপথ্য কর্মীদের দৃঢ় সমন্বয়ে নাটকটি প্রাণান্ত এবং জীবন্ত হয়ে উঠে। প্রযোজনার সঙ্গীত ও আলোক পরিকল্পনায় ছিলেন আশিক চৌধুরী। পোশাক ও দ্রব্যসম্ভার পরিকল্পনা করেছেন নৃত্যশিল্পী রিমি রফিক। অভিনয় করেছেন জিকরুল ইসলাম, দুরন্ত বাবু, ধনেশ চন্দ্র বর্মন, মেঘলা দাস, জসীম উদ্দিন, জামিল জুলফিকার রাহাত, তামিম ইকবাল মিরাজ, মাসুদ রানা, রাদিয়াত ইসলাম, রায়হান ইসলাম, সেলিম হোসেন, হাবিবুর রহমান শাওন, রুখসাদ বিনতে আলম স্নেহা, শাহিন ইসলাম ও স্মৃতি রানী। প্রযোজনাটির সার্বিক সমন্বয় করেছেন পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন। মহড়া ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন, এটিএম মাহমুদুল আকতার মীম।

উদ্বোধন প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রযোজনারটি সার্বিক মূল্যায়ন করেন, পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপি'র সভাপতি জহিরুল ইসলাম কাচ্চু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার এর প্রতিষ্ঠাতা পরিচালক রহিম আব্দুর রহিম, নাট্যদল ভূমিজ এর সভাপতি সরকার হায়দার, দিশারী নাট্যদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা উদীচির সাধারণ সম্পাদক এস এম কিবরিয়া প্রমুখ।

(এআর/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)