নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমকে (২৭) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে শহরের লক্ষীপাশা-মহাজন সড়কের ডাকবাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত চঞ্চল শাহরিয়ার মীম নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে। তিনি গত ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদা ভাবে তিনটি মামলায় দাযের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মীরা। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের হয় লোহাগড়া থানায়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান মীমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গ্রেফতারকৃত মীমের নামে নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় কোন মামলা নেই, তবে অভিযুক্ত চঞ্চল শাহরিয়ার মীম নাশকতার ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামী। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

(আরএম/এসপি/মে ০১, ২০২৫)