বিলের পুকুরপাড় থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে হাফিজুর রহমান রিপন (৪৫) নামে সাবেক এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের একটি বিলের পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা ওই বিজিবি সদস্যের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইন চার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের একটি খাল পাড়ে জুয়া খেলা চলছিল। এতে হাফিজুর রহমান রিপন অংশ নেয়। গোপন খবর পেয়ে বৌলতলী পুলিশ ফাঁড়ির একটি টিম সেখানে হানা দেয়। সেখানে থাকা হাফিজুর রহমান সহ ১০-১৫ জন দিগ্বিদিক ছোটাছুটি করে পলিয়ে যেতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে, পুলিশের তাড়া খেয়ে ওই ব্যক্তি স্ট্রোক করে মারা যেতে পারে।
তিনি আরো বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
(টিবি/এসপি/মে ১৪, ২০২৫)
