কপোতাক্ষ নদীর বাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত, ভেসে গেছে শতাধিক মাছের ঘের
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কপোতাক্ষ নদীর সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ দরগাহপুর সুবিদখালির স্লুইজগেটের পাশে বেড়িবাঁধে ২০ ফুট জায়গা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। বুধবার বিকেলে এ ভাঙনের ফলে দরগাহপুর ও রামনগর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক ছোট বগ মাছের ঘের।
দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, বুধবার বিকেল তিনটার দিকে জোয়ারের পানির প্রবল চাপে বন্ধ থাকা সুবিদখালী স্লুইজ গেটের পাশে কপোতাক্ষ নদীর প্রায় ২০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে গ্রাম রক্ষার মুল বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। পানিতে দরগাহপুর ও রামনগর গ্রামের নিম্নাঞ্চল তলিয়ে যায়। ভেসে যায় ছোট বড় শতাধিক মাছের ঘের। দ্রুত এই বাঁধ সংস্কার না করা হলে রাতের জোয়ারে দরগাহপুর ইউনিয়নসহ কাদাকাটি গ্রামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেদ কথা বলে দ্রুত বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
(আরকে/এএস/মে ২৯, ২০২৫)
