একে আজাদ, রাজবাড়ী : ঈদ যাত্রায় যানবাহনে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। আজ বৃহস্পতিবার সকালে আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। 

তিনি বলেন, আসন্ন ঈদুল আযহায় মানুষ যাতে নিরাপদে গন্তব্যে পৌছাতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন যানবাহন যদি যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

তিনি বলেন, পৌরসভার মধ্যে বৈদ্যুতিক লাইনে কিছু কিছু জায়গায় রাত্রে বাল্ব জ্বলে না শুনেছি, খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা আবু সাঈদ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

(একে/এসপি/মে ২৯, ২০২৫)