কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রলির সংঘর্ষে নিহত ১
মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত অনিক উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
আহত চালক শিহাব (২২) একই এলাকার শহিদ হোসেনের ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত অন্য একজনের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি অ্যাম্বুলেন্স চালকের সহকারী ছিলেন। তবে দুর্ঘটনার সময় মূল চালক ঘুমিয়ে থাকায় অনিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী অ্যাম্বুলেন্সটির সামনের চাকা ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই অনিক মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স ও ট্রলির চালকসহ তিনজন আহত হয়েছেন। তবে অ্যাম্বুলেন্সটিতে কোনো রোগী ছিল না।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
(এমজে/এসপি/জুন ১৪, ২০২৫)
