পাংশায় দুই শিক্ষার্থী ধর্ষণ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে হাটবনগ্রাম বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরজিৎ বিশ্বাস, আতারুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ডাবলু, বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল মাজেদ, পল্লী রানী সরকার, কুঠিমালিয়াট গ্রামের রেজাউল ইসলাম, ছাত্রদল নেতা সজীব রাজা, মাহবুব হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং এই ধরনের অপরাধীদের মদতদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, রবিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। সে সময় অভিযুক্ত সিহাব ও হাসমত আলী দুই শিক্ষার্থীর পথরোধ করে। পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখিয়ে পাশের পানের বরজে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা।ঐ দিনই বিকেলে এক শিক্ষার্থীর বাবা ও অপর শিক্ষার্থীর মা পাংশা থানায় শিহাব ও হাসমতের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ দুজনকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠায়। আদালত দুই আসামীতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
(একে/এসপি/জুন ১৭, ২০২৫)
