ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর ১৩ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার দুইদিন পর আমির হামজা (১৩) নামে এক মাদরাসাছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে উত্তরাধিকার ৭১ নিউজকে ওই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম। এসময় ওসি শাহজালাল জানান, গত রবিবার থেকে নিখোঁজ এক মাদরাসা ছাত্রের বাবার কথা জিডির পরিপ্রেক্ষিতে ওই ছাত্রের সন্ধান করছিলো পুলিশ। এরই মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের স্থানীয়দের মাধ্যমে একটা ফোন আসে। পরে ঘটনাস্থলে গিয়ে একটি পুকুর থেকে আমির হাজমা নামের ওই নিখোঁজ শিশুর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে উদ্ধাসকৃত লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আমির হামজা আলফাডাঙ্গা শুকুরহাটা গ্রামের সায়েম উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি গোপালপুর ইউনিয়নের চান্দড়া নূরানী তালিমুল কুরআন মাদরাসা ও এতিমখানার হেফজখানার ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ মাদরাসা থেকে কিছুক্ষণের জন্য বাইরে বের হয় আমির হামজা। পরে মাদরাসা ফিরে না এলে তার বাড়িতে খোঁজ নেওয়া হয়। কিন্তু সেখানেও না যাওয়ায় তার পরিবারের সদস্যরা ও মাদরাসার শিক্ষক শিক্ষার্থী তার খোঁজ করতে থাকেন। রবিবার দিবাগত রাত ও সোমবার দুপুর পর্যন্ত শিশুটিকে খুজে না পেয়ে তার বাবা সায়েম বিশ্বাস ওইদিন (সোমবার) সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সন্ধ্যার পর চর চান্দড়া গ্রামের কামাল মোল্যার বাড়ির পাশের একটি পুকুরের মধ্যে একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে নিখোঁজ শিশু আমির হামজার অর্ধগলিত লাশ উদ্ধার করে। আমির হামজার বাবা সেখানে পৌঁছে ছেলের লাশ শনাক্ত করেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম।
(আরআর/এএস/অক্টোবর ২২, ২০২৫)
