রিপন মারমা, রাঙ্গামাটি : নির্বাচনকালীন দায়িত্ব পালনে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে এবং সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে।

আজ রবিবার দুপুরে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সদর দপ্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।

ব্রিফিংয়ে অধিনায়ক আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে সম্পূর্ণ প্রস্তুত। জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে, যাতে ভোটাররা নির্ভয়ে ও সুশৃঙ্খল পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কাপ্তাই ব্যাটালিয়নের আওতাভুক্ত ৩টি সংসদীয় আসনের ৮টি উপজেলার মোট ২৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি। এর মধ্যে রয়েছে কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলার ৮০টি কেন্দ্রের নিরাপত্তায় বিজিবি মোতায়েন থাকবে। চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): এই দুই আসনে বেইজ ক্যাম্প স্থাপনসহ সর্বমোট ১৮৭টি কেন্দ্রের দায়িত্ব পালন করবে বাহিনীটি। রাঙ্গামাটি জেলার দুর্গম ২ উপজেলার ২৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা জোরদারে ৭টি বিশেষ বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত নির্বাচনী মহড়া ও অত্যাধুনিক সরঞ্জামাদির মাধ্যমে সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি (সার্ভেল্যান্স) এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্বাচনের আগে, চলাকালীন ও পরে জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান নির্বাচন ঘিরে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। সকল ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

প্রেস ব্রিফিংয়ে ওয়াগ্গা ৪১ বিজিবি'র ক্যাপ্টেন আশরাফুল ইসলামসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৬)