৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেলে বিক্ষোভ সমাবেশ
দিলীপ চন্দ, ফরিদপুর : বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে হাসপাতালের বহিঃবিভাগের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট শেখ নুরুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা মফিজুজ্জামান চৌধুরী, স্টোর অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাউন্টেন্ট মো. ওমর আলী, প্রধান সহকারী মোবাশ্বের আল হাসান এবং ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি। বর্তমান সরকার দ্রুত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করবেন—এটাই তাদের প্রত্যাশা।
তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন। নতুন পে-স্কেল কার্যকর হলে তাদের আর্থিক সংকট অনেকাংশে লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সমাবেশ থেকে অবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৬)
