কাশিয়ানীতে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৬।
রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পোনা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
আজ সোমবার র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার পোনা-সাজাইল সড়কের পাশে পোনা ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। এ সময় ব্রিজের নিচে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(টিবি/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৬)
