রহিমা রহমান, টাঙ্গাইল : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের ১ হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্র যা মোট ভোট কেন্দ্রের প্রায় ১৫.০৫ শতাংশ দূরবর্তী, যানবাহন আসা-যাওয়ার অসুবিধা, দুই দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং প্রার্থীর বাড়ির সামনে কেন্দ্র বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করা হবে বলে প্রশাসন জানিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার এবার ৮টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ১ হাজার ৬৩টির মধ্যে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ৯০৩টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোট কক্ষ ৬ হাজার ৩৪১টি। এসব আসনে মোট ভোটার রয়েছেন ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। মোট ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছে ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন, পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫ জন।

জেলার ৮টি সংসদীয় আসনের মধ্যে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে ১৪৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি (মধুপুরে ১৫টি এবং ধনবাড়ী উপজেলায় ১২টি কেন্দ্র), টাঙ্গাইল -২ (গোপালপুর- ভূঞাপুর) আসনে ১৩৮টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্র (গোপালপুরে ১৫টি এবং ভূঞাপুর উপজেলায় ১৮টি), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ১২২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনটি ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত।

এ আসনে ১১৪টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র, টাঙ্গাইল-৫ (সদর) আসনটি ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১৩০টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্র, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনটি ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের ১৫৪টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। (দেলদুয়ার উপজেলায় ১৬টি এবং নাগরপুর উপজেলায় ১৫টি কেন্দ্র), টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১২৬টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্র, এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনটি ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত।

এ আসনে ১৩১টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্র ( বাসাইল উপজেলায় ৫টি এবং সখীপুর উপজেলায় ৮টি কেন্দ্র) ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমাদের সব কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনে সব কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আশা করছি ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু এবংশান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৬)