২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় এসেছেন। তিনি খুলনা মহানগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
সমাবেশস্থলে সকাল থেকেই দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণের ঢল নেমেছে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা।
জেলার বাইরে থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন।
এদিকে জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, আজকের জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ধানের শীষের ১৪ জন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। দলকে বিজয়ী করতে দেবেন নানা দিক-নির্দেশনা।
দলীয় চেয়ারম্যানের খুলনা আগমন উপলক্ষে রবিবার নগরীর একটি হোটেলে বিএনপি খুলনা মহানগর ও জেলা আয়োজিত প্রেসব্রিফিং এ খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রবিকুল ইসলাম বকুল বলেন, চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসার পর শিল্প নগরী খুলনার মিল-কারখানা চালু, পাইপলাইনে খুলনায় গ্যাস সরবরাহ, খুলনা অঞ্চলের জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির সংস্থানসহ বিভিন্ন বিষয় তার কাছে উত্থাপন করা হবে। শিল্প নগরী খুলনার শ্রমিকদের চাওয়া পাওয়া তাকে জানানো হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চান খুলনাকে আধুনিক শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে। কারণ এখানে শিল্প নগরী জীবিত না হলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না।
প্রেসব্রিফিংয়ে খুলনা-২ আসনের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য খুলনার মানুষ মুখিয়ে আছে। খুলনার সবগুলো আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করে দলের চেয়ারম্যান তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই।
প্রসঙ্গত, সর্বশেষ ২০০৪ সালের জুলাই মাসে খুলনায় আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৬)
