সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক
রঘুনাথ খাঁ সাতক্ষীরা : সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। রবিবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের আজ সোমবার আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা থানার দশালিয়া গ্রামের মৃত মনতেজ মোল্লার ছেলে শাহিনর মোল্লা (৪৪), একই গ্রামের মৃত আনছার আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও ৪ নম্বর কয়রা গ্রামের মোকছেদ গাজীর ছেলে মোসানুর রহমান (৪৫)।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসিএফ এর নেতৃত্বে বিশেষ টিম রবিবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত নৌকাসহ তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, নির্দিষ্ট মৌসুম ও অনুমতি ব্যতীত সুন্দরবনে কাঁকড়া ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এতে বনাঞ্চলের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৬)
