ফরিদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন, ভাঙচুর
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তেঁতুল তলা নামক স্থানে স্থানীয় বিএনপির একটি নির্বাচনী প্রচারণা অফিস (নির্বাচনী ক্যাম্প)-এ ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার ঘটেছে। যেখান থেকে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ফরিদপুর- ৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে প্রচারণা চালাতেন।
আজ মঙ্গলবার ভোরের দিকে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতয়ালি পুলিশ।
এ বিষয়ে ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. হাসান খান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'সকাল ৬টার দিকে স্থানীয় রাজা শেখ নামের এক বিএনপি কর্মীর ফোন পেয়ে ঘটনা সম্পর্কে অবগত হউ। পরে ঘটনাস্থলে এসে ট্রিপল নাইন (৯৯৯) এ ফোন দেই। তখনও অফিসের টেবিলের একটি অংশ থেকে ধোঁয়া উঠছিলো। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হাসান খান আরও জানান, কে বা কারা এটা করেছে সেটা সঠিক জানি না। তবে, প্রতিপক্ষের কেউ এটা করে থাকতে পারে বলে ধারণা করছি। তবে, কোন প্রতিপক্ষ সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'ওখানে ভাঙচুরের ঘটনা ঘটেনি, ক্যাম্পটি হাইওয়ের পাশে হওয়ায় কে বা কারা এতে আগুন দিয়ে চলে গেছে হয়তো। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ দোষীদের খুঁজে বের করে শাস্তি দাবি করেছেন।
(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)
