নগরকান্দায় খিলাফত মজলিসের নির্বাচনী জনসভা
নগরকান্দা প্রতিনিধি : লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে তা মেনে নেওয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, ইসলামী চিন্তাবিদ ও আলোচক মাওলানা আল্লামা মামুনুল হক। তিনি বলেন, “কেউ যদি আমাদের চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই কাঁটা উপড়ে ফেলার সক্ষমতা আমাদের আছে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ফরিদপুর-০২ (সালথা–নগরকান্দা) আসনের বর্ষীয়ান আলেমেদ্বীন ও শাইখুল হাদীস আল্লামা শাহ্ আকরাম আলী-এর রিকশা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের এমএন একাডেমি মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তারা বলেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনই দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষার পূর্বশর্ত।
আয়োজকরা জানান, ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসভাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
(পিবি/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)
