টাঙ্গাইলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
টাঙ্গাইল প্রতিনিধি : নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।
গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের শাসনামলে মন্ত্রী থাকাকালীন দল থেকে বহিষ্কৃত হন। বর্তমানে তার বিরুদ্ধে নেত্রকোণা জেলায় জমির ন্যায্যমূল্য পরিশোধ না করার অভিযোগে একটি মামলা চলমান রয়েছে এবং ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এরপরও প্রশাসন থেকে তাকে কিছু বলা হচ্ছে না।
ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, বিষয়টি তথ্য-প্রমাণসহ নির্বাচন কমিশনকে অবহিত করা হলেও কমিশন তা আমলে নেয়নি। এমনকি নির্বাচন কমিশনে আপিল করা হলেও সেটি গ্রহণ না করে খারিজ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত নির্বাচন কমিশনের কাছে উপযুক্ত জবাব চেয়ে রুল জারি করেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসএম/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)
