টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল- ৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার মামলার আসামীদের নিয়ে এসে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। এ ছাড়া বিভিন্ন স্হানে তাঁর কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। তাকে প্রচারনায় বাঁধা দেওয়া হচ্ছে। এ সব হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মাধ্যমে আমাকে নির্বাচন ও প্রচারনা কার্যক্রম থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।

তিনি আজ মঙ্গলবার টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

লিখিত বক্তব্যে ফরহাদ ইকবাল বলেন, হুগড়া ইউনিয়নের দুলালের মোড় এলাকায় গত সোমবার সন্ধ্যায় তাঁর গাড়ি বহরের উপর ধানের শীষ প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকেরা হামলা করে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এই হামলায় আমার নঙ্গে থাকা নয় জন নেতা কর্মী আহত হন।ঘটনার পরপর প্রশাসনকে অবহিত করা হয়। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।

তিনি অভিযোগ করেন, টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া, কাকুয়া, দাইন্যা, গালা ইউনিয়নে তাঁর কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। দীর্ঘ ১৭ বছর ভোটের অধিকারের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি। এখন সুষ্ঠু পরিবেশে নির্বাচন করতে পারছি না। এটা খুবই দুঃখজনক।

ফরহাদ ইকবাল তাঁর করামীদের হুমকি, হামলার ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়ার এবং তাঁর কর্মী সমর্থকরা যাতে নিরাপদে নির্বাচনী প্রচারণা চালাতে পারেন সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

সংবাদ সন্মেলনে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম (স্বপন), শহর বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি মেহেদী হাসান (আলীম), সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাদীউজ্জামান সোহেল, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি সাদেকুল হক, মগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

(এসএম/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)