আবু নাসের, সালথা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর- ২ আসনের সালথায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সালথা উপজেলার বিভিন্ন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। যৌথবাহিনীর এই মহড়া ও টহল সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তা বোধ তৈরি করেছে।

উপজেলার সালথা বাজার থেকে যৌথবাহিনী মহড়া শুরু করে রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের প্রতিটি বাজার ও কেন্দ্র ঘুরে দেখেন তারা।

উক্ত দুটি ইউনিয়নের বিভিন্ন বাজারে যৌথবাহিনী পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরেণ। এ সময় বাজারগুলোর বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনীর পেট্রোল টিমগুলো অবস্থান নেয়।

মহড়ায় উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান, নগরকান্দা বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক মো: রাকিবুল ইসলাম প্রমুখ।

মহড়া চলাকালী সময় সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলার বিভিন্ন প্রস্তুতির তথ্য স্থানীয়দের মাঝে তুলে ধরে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ জন্য সব আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে তাদের প্রচেষ্টা অব্যহত রাখবে। এই নির্বাচন প্রক্রিয়াকে কেউ যদি ব্যাহত করার চেষ্টা করে, তাদের প্রতি আমাদের অবস্থান হবে অত্যন্ত কঠোর।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, নির্বাচন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি চলমান আছে। নির্বাচনি আচরণ বিধি প্রতিপালনসহ আইনশৃঙ্খলা বিষয়ক যে সব ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ চলমান আছে, সেগুলো অব্যাহত থাকবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের প্রত্যাশা সকলের সহায়তায় একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করতে পারব।

মহড়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য এতে অংশ নেন।

(এএন/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)