গোপালগঞ্জ- ২: আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ২ আসনে (সদর ও কাশিয়ানী একাংশ) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুলকে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমাণা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুলকে (টেলিফোন প্রতীক) নির্বাচনী প্রচারণায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহার করে বিলবোর্ড স্থাপন করেছিলেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার আতাহার শাকিল জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পিভিসি ব্যানার বা পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। প্রশাসনের পক্ষ থেকে সব প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)
