রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল- ২ আসনে (সদরের একাংশ ও সমগ্র লোহাগড়া) বিএনপি মনোনীত প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকালে শহরের ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লোহাগড়ার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কামরুজ্জামান কচির আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

প্রায় ১০ হাজার মানুষের অংশগ্রহণে গণমিছিলটি লক্ষ্মীপাশা ও লোহাগড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলা মুন্সীর মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

পরে নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা তাইবুল হাসানের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজর (অব:) মনজুরুল ইসলাম প্রিন্স , বিএনপি নেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কামরুজ্জামান কচি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনিসহ প্রমূখ। পথসভায় লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৬)