জামায়াত আমীরের নড়াইল আগমন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
রূপক মুখার্জি, নড়াইল : সারাদেশে নির্বাচনী প্রচার-প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নড়াইলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শাফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার সকালে জেলা জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা জামায়াতে ইসলামীর আমির ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান বাচ্চু জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরেই চলছে মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজ। এ জনসভা উপলক্ষে শহরজুড়ে ১০০ মাইক টাঙানো হয়েছে। জনসভা সফল করার লক্ষ্যে ৩০০ জনকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। তারা জনসভা সফল করতে বিশেষ ধরনের কটি পরে জনসভা স্থলে থাকবেন।
বক্তব্যে তিনি আরও বলেন, আমিরে জামায়াতে ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। জনসাধারণ তার কথা শোনার জন্য অধির অপেক্ষায় রয়েছেন। আমরা আশা করছি, জনসভায় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার ও প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)
