দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফরিদপুরে দুইটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার বিকেলে ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। পরে সন্ধ্যায় ফরিদপুর-৩ আসনে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা।

সকালে ফরিদপুর শহরের চকবাজারে দলীয় কার্যালয় সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন ফরিদপুর-৩ (সদর) আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, জামায়াতের ফরিদপুর জেলা আমীর মাওলানা মো. বদরউদ্দিন, সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও জেলা জামায়াত এর সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব।

জনসভার প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ফরিদপুরের দুটি সংসদীয় আসনে নির্বাচনী জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় প্রধানের ফরিদপুরে আগমনে উৎসাহী রয়েছেন নেতা-কর্মী ও সমর্থকরা।

জেলা জামায়াত সুত্রে জানা যায়,শুক্রবার নড়াইলে নির্বাচনের জনসভার শেষ করে ডা. শফিকুর রহমান বোয়ালমারী জনসভায় যোগদান করবেন, পরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন।

বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল ওহাব জানান, সমাবেশ উপলক্ষে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবেন।

সংঠনের জেলা আমীর মাওলানা মো. বদরউদ্দিন বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমণ ঘিরে নানা প্রত্যাশা রয়েছে। ফরিদপুরকে বিভাগ ঘোষণা, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়নসহ নানা প্রত্যাশা রয়েছে এ অঞ্চলের মানুষের। সমাবেশ থেকে এসব দাবি পৌঁছে দেয়া হবে আমীরে জামায়াত এর নিকট। জনগনের ভোটে জামায়াত জোট, সরকার গঠন করতে পারলে এ অঞ্চলের সর্বস্তরের মানুষের প্রাণের দাবিগুলো বাস্তবায়ন করতে আন্তরিক উদ্যোগি থাকবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন তিনি।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)