‘শরিয়া ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ছাড়া মানুষের মুক্তি নেই’
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)–এর উদ্যোগে নির্বাচনী লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের অংশগ্রহণে এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর–২ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী শাহ্ মোঃ জামাল উদ্দিন।
বক্তব্যে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। কারণ রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইন ও সৎ নেতৃত্ব অনুপস্থিত। শরিয়া ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাস করে না। কুরআন ও সুন্নাহর আলোকে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই দলটির মূল লক্ষ্য। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তারা, যেখানে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক পাবে সম্মানজনক মজুরি এবং মা-বোনেরা নিরাপদ সমাজে বসবাস করতে পারবে।
অন্যান্য বক্তারা বলেন, “হাতপাখা শুধু একটি প্রতীক নয়—এটি শান্তি, নৈতিকতা ও পরিবর্তনের প্রতীক। এই প্রতীক আজ সাধারণ মানুষের মাঝে নতুন আশার বার্তা পৌঁছে দিচ্ছে।”
উঠান বৈঠক চলাকালে স্থানীয় বাসিন্দাদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অনেক সাধারণ মানুষ হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা একটি সৎ, আদর্শবান ও আল্লাহভীরু নেতৃত্ব দেখতে চান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
(পিবি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)
