আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যবসায়ী আলমগীরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালের দিকে শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের বালাশুর চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় অত্র এলাকার শতশত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ধরে সড়কটি অবরোধ করে রাখে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আলমগীর হোসেন শেখের খুনি হান্নান হাজী, মানিক ডাকাত, তাপস মোল্লা, শম্ভুসহ এই হত্যা কান্ডের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চান তারা।

জানা গেছে, গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হান্নান হাজী, মানিক ওরফে বাচ্চু ডাকাত, শম্ভু ও তাপসগং এর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী বালাশুরের আলমগীর শেখদের মালিকানাধীন একটি নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করে। এ সময় আলমগীর শেখ সহ তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এতে আলমগীর সহ তার পরিবারের ১০ জন গুরুতর আহত হয়। সকাল সাড়ে সাতটার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যায়।

(এআই/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৬)