স্পোর্টস ডেস্ক : লিগ পর্বে একচুলও হোঁচট না খেয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। ভুটান, ভারত ও নেপাল তিন প্রতিপক্ষকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শিরোপা মঞ্চে উঠছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে আবারও প্রতিপক্ষ সেই পরিচিত ভারত, যাদের বিপক্ষে গ্রুপ পর্বেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।

নেপালে আগামী শনিবার অনুষ্ঠিতব্য ফাইনালটি তাই শুধুই আরেকটি ম্যাচ নয় এটি আগের অসমাপ্ত গল্পের পরের অধ্যায়। ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের ফাইনালে বাংলাদেশ ও ভারত নির্ধারিত সময় ও টাইব্রেকারেও অমীমাংসিত থাকায় যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল দুই দল। এবার সেই ভাগাভাগির ট্রফিকে একক করে ঘরে তোলার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ।

ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি জানান, দল মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত।

তার কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয় ভারতকে হারিয়ে শিরোপা দেশে ফিরিয়ে আনার বিশ্বাস। অর্পিতা বলেন, ভারতকে একবার হারানোর অভিজ্ঞতা ফাইনালের আগে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে সেই ম্যাচে আলপি আক্তার ও অর্পিতার গোলেই জয় নিশ্চিত করেছিল পিটার বাটলারের দল। একই প্রতিপক্ষের বিপক্ষে আবার ফাইনাল হওয়ায় দলের ভেতরে আলাদা এক ইতিবাচক শক্তি কাজ করছে বলেও জানান অধিনায়ক।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় অর্পিতা জানান, ফাইনালের আগে ইনজুরি চিন্তায় নেই বাংলাদেশ। সব খেলোয়াড়ই সুস্থ ও ফিট, ফলে পূর্ণ শক্তির দল নিয়েই শিরোপা লড়াইয়ে নামবে লাল-সবুজের মেয়েরা। অপরাজিত যাত্রা ধরে রেখে শেষ ম্যাচেও সেরা পারফরম্যান্স দিতে পারলেই, এবারের সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে একক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে বাংলাদেশের।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২৬)