ঈশ্বরদী প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা–৪ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই আজ ধর্মের নামে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায়। কিন্তু এ দেশের মানুষ সে বিভাজন চায় না। তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার ঈশ্বরদী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল সড়কে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, এ দেশে এক সময় গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিএনপির নেতৃত্বেই বারবার সেই বিলুপ্ত গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে। ছাত্র-গণঅভ্যুত্থানে শত সহস্র মানুষ রাজপথে রক্ত দিয়ে শহীদ হয়েছেন। তাঁদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, শহীদদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

কর্মসংস্থান প্রসঙ্গে হাবিব বলেন, আমরা অবাস্তব প্রতিশ্রুতি দিই না। আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাত সৃষ্টি করতে চাই। বিএনপি দেশের ১৮ কোটি মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, বিগত সময়ে দেশে যে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে তা শৃঙ্খলায় ফিরিয়ে আনা হবে। এজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আহমেদ বকুলের সভাপতিত্বে এবং ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাদ আহমেদ নাদু, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সাবেক ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমন, যুবদল নেতা মঞ্জুর হাসান হিরো, খোরশেদ আলম দিপু, সাইফ হাসান সেলিম, রাকিবুল হাসান আলম, বিকি আগারওয়ালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৬)