ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে শহরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে ফরিদপুর মডেল মসজিদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শহর শাখার সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক নেতা ও ফরিদপুর সদর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের পুত্র আবদুত জাওয়াদ, শহর শাখার সাবেক সভাপতি ফরিদুল হুদা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান।
বক্তারা বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ছয়জন শিক্ষার্থীকে নিয়ে ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। দীর্ঘ পথচলায় সংগঠনটি বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। তারা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৬)
