রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সরদার আসাদুজ্জামানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী কায়সার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

পরে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন ইউএনও।

লোহাগড়া থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক,সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

জানাজা শেষে শহরের কলেজপাড়া পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশে তাঁকে দাফন করা হয়েছে।

এর আগে বুধবার লোহাগড়া কলেজ পাড়ায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচ পাশা গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৬)